মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেছেন, নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। প্রতিটি পরিবারে কন্যা ও নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
আজ রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজী মুজিব বলেন, দেশের টেকসই উন্নয়নের চাবিকাঠি লুকিয়ে আছে নারীর ক্ষমতায়নে। নারীকে অবহেলিত রেখে কোনও জাতির পক্ষে শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। নারীর অধিকার রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক তাজউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনাসভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
