ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। রবিবার (৮ মার্চ) পরিষদের একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন, যদিও নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমেদ আল-মোলহুদা জানান, নেতা নিয়োগের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, পরিষদের সচিবালয় পরবর্তীতে এই নাম ঘোষণা করবে।

পরিষদের সদস্য মোহসেন হায়দারি আইএসএনএ নিউজ এজেন্সিকে জানান, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতে সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত ব্যক্তির নাম ‌‘বড় শয়তান’ নিজেও উল্লেখ করেছে।

পরিষদের আরেক সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি ফারস নিউজ এজেন্সিতে প্রচারিত এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটি সুদৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তাঁর উত্তরসূরি নির্ধারণ নিয়ে তৎপরতা শুরু হয়। ১৯৮৯ সাল থেকে এই পদে থাকা খামেনির ছেলে মোজতবা খামেনির নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরবর্তী নেতা নির্বাচনে তাঁরও ভূমিকা থাকা উচিত। তিনি মোজতবা খামেনিকে ‘গুরুত্বহীন’ আখ্যা দিয়ে এই পদের জন্য প্রত্যাখ্যান করেন। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তরসূরি নির্বাচনে ট্রাম্পের কোনো ভূমিকা নেই।

রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ফারসি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা সদস্যদের হামলার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে বলা হয়, ইসরায়েল যেকোনো উত্তরসূরি এবং তাঁকে নিয়োগের চেষ্টাকারীদের ওপর নিবিড় নজর রাখছে এবং সভায় অংশ নেওয়াদের লক্ষ্যবস্তু করতে তারা দ্বিধা করবে না।

তবে এসব হুমকি উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছেন পরিষদ সদস্যরা। মিরবাঘেরি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি কঠিন এবং নানা বাধা থাকা সত্ত্বেও তারা অত্যন্ত নির্ভুলভাবে এই কাজ সম্পন্ন করছেন।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতার পদটি দেশটির সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃপক্ষ, যা রাষ্ট্রের সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে। নতুন নেতার নাম ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত