কুষ্টিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম

কুষ্টিয়ায় দিনদুপুরে শেখ সাগর (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং পেশায় মটর শ্রমিক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুর্বৃত্তরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই তৌফিকের অভিযোগ, সাগর বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। এ সময় তারা হুমকি দিয়ে যায় এই বলে, তোর ভাই সাগরকে ডাক। এরপর আমি সাগরের খোঁজ করতে থাকি। কিছুক্ষণ পরেই আমার এক বন্ধু মোবাইল করে সাগরকে মেরে ফেলানোর সংবাদ দেয়’।  ‘আসলে সাগর ভাইয়ের সাথে ওদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তার কিছুই জানি না’। সকালে এদের সবাইকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছি। এরাই আমার ভাইকে হত্যা করেছে’।

নিহত সাগরের প্রতিবেশীরা জানান, কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

২৫০ শয্যা বিশিষট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, সাগর নামের যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতজনিত বেশকিছু সংখ্যক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তবে গলায় ক্ষতটা বেশি গভীর হওয়ায় দ্রুত মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, চৌড়হাস এলাকায় এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত