গ্রেপ্তার এড়াতে ইয়াবা সেবন, হাসপাতালে মৃত্যু 

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

চট্টগ্রামে গ্রেপ্তার এড়াতে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েন দিদারুল আলম নামে এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে দাবি পুলিশের। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২টার দিকে রাতে নগরের আমবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুবকটি যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছেন। উদোম গায়ে মাটিতে গড়াগড়ি করছেন। অসংলগ্নভাবে কথা বলছিলেন। তাকে বলতে শোনা যায়, আমার দুইটা বাচ্চা আছে স্যার।

জানা গেছে, আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় ভিডিওটি ধারণ করা হয়। পুলিশ জানায়, নগর পুলিশের চলমান ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।

অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন বলে দাবি পুলিশের। পরে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণেই দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিদারুল আলমের বিরুদ্ধে খুন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত