যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্যেই ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানে সরকার পরিবর্তনের যে চেষ্টা করা হচ্ছে, তাতে দেশটির জনগণের কোনো সমর্থন নেই।
রবিবার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশে ওয়াং ই বলেন, ইরানে পশ্চিমা ধাঁচের সরকার প্রতিষ্ঠার জন্য কোনো বিপ্লবের পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা করার বিষয়টি জনগণের সমর্থন পাবে না। তিনি ইরান ও বিশ্বের অন্য সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবিলম্বে সব পক্ষের সামরিক অভিযান বন্ধ করতে হবে। এ পদক্ষেপের মাধ্যমেই যুদ্ধের উত্তেজনা কমবে এবং সংঘাতের বিস্তার রোধ করা সম্ভব হবে।
ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ এমন একটি বিষয় যা সংঘটিত হওয়াই উচিত ছিল না এবং এ যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক হবে না। শক্তি প্রয়োগ করে কোনো সমাধান আসবে না। যুদ্ধ কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক। এ অঞ্চলের বিষয়গুলো সেখানকার জনগণই স্বাধীনভাবে নির্ধারণ করবে এবং এখানকার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ কাম্য নয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, শক্তি থাকলেই যা ইচ্ছা তা করা উচিত নয়। এটা অযৌক্তিক আচরণ। বিশ্ব যেন জঙ্গলের আইনে ফিরে না যায়।
