আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:৫১ এএম

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল রবিবার দেশের বিভিন্ন জেলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। প্রতিনিধিদের পাঠানো খবর:

খুলনা : খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রতিবছর সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস আমরা যথাযথ সম্মানের সঙ্গে পালন করে থাকি। অসমতা পুরুষের সঙ্গে নয় সেটা হয়ে থাকে নারীদের সঙ্গে। নারীদের একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত। এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান আমাদের সবার দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সব অধিকারের নিশ্চয়তা দেওয়া আমাদের কর্তব্য।

নেত্রকোনা : নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর  ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, নারী পরিষদ, জেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা জেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়। এই সময় একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে।

পিরোজপুর : দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান প্রমুখ। বক্তারা বলেন, আজকে নারী দিবসের যে তাৎপর্য সেটা যেন প্রতিদিনই বাস্তবায়ন হতে পারে, সে দিকে নজর দিতে হবে।

জয়পুরহাট : বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও নারী নেত্রীরা।

পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এ. কে. এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, নারী নেত্রী লায়লা আঞ্জুমান মুক্তি বক্তব্য দেন।

হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে গতকাল  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য বলেও জানান বক্তারা।

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলেক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, ১৮ জন নারীকে ২৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণের চেক বিতরণ ও উপজেলা পরিষদের প্রবেশদ্বারে নারীদের বিশেষায়িত বিশ্রামাগার উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি নূরে নিগার সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ও পিএফজি ত্রিশাল শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, ‘নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। প্রতিটি পরিবারে কন্যা ও নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’ গতকাল রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের চাবিকাঠি লুকিয়ে আছে নারীর ক্ষমতায়নে। নারীকে অবহেলিত রেখে কোনো জাতির পক্ষে শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। নারীর অধিকার রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।

সর্বশেষ সর্বাধিক পঠিত