মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর স্মরণকালের ভয়াবহতম সামরিক পদক্ষেপ নেবে।
সোমবার (৯ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের উদ্দেশ্যে এই হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর ভেতরে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো দুঃসাহস দেখায়, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত হওয়া আঘাতের চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে আঘাত হানবে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, মার্কিন সামরিক বাহিনী ইরানের এমন সব গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, যা দেশটিকে একটি জাতি হিসেবে পুনরায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা কেড়ে নেবে। তিনি একে ‘মৃত্যু, আগুন ও ক্রোধের’ সাথে তুলনা করেছেন। তবে ব্যক্তিগতভাবে এমন সংঘাত এড়ানোর ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি—এমন পরিস্থিতি যেন তৈরি না হয়।’
প্রেসিডেন্ট ট্রাম্প তার এই কঠোর অবস্থানকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর নির্ভরশীল চীনসহ অন্যান্য দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের এই অবস্থান একটি উপহার স্বরূপ। মূলত বিশ্বজুড়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই ওয়াশিংটন এই কঠোর নীতি গ্রহণ করছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, যার মাধ্যমে প্রতিদিন বিশ্ববাজারের এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইরান