ভারতীয় সংগীত জগৎ বিশেষ করে বলিউডের প্লে-ব্যাকের উজ্জ্বল এক তারকা শ্রেয়া ঘোষাল। আগামীকাল ১২ মার্চ তার ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গাযিকার জন্মদিন। আর বিশেষ দিনের ঠিক একদিন আগেই পেলেন নতুন একটি সুখকর খবর। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। মূলত সংগীত জীবন থেকেই এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি এই বিপুল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই গায়িকা। এর ফলে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। এই তালিকায় তার আগে রয়েছেন সংগীত জগতের কিংবদন্তি এ আর রহমান। আর শ্রেয়ার পরেই অবস্থান করছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।
সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে শ্রেয়া ঘোষালের ভক্ত। মিষ্টি কণ্ঠ ও বিনয়ী স্বভাবের জন্য সংগীতপ্রেমীদের কাছে তিনি বরাবরই সমাদৃত। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু থেকে শুরু করে বিভিন্ন ভাষার সিনেমায় সমান জনপ্রিয় তিনি। মাত্র ১৪ বছর বয়সে পেশাদারভাবে গান গাওয়া শুরু করা এই শিল্পী ইতিমধ্যে ২০টিরও বেশি ভাষায় তিন হাজারের বেশি গান গেয়েছেন। শুধু হিন্দিতেই তার গানের সংখ্যা এক হাজার ১৫০টির বেশি। কিশোরী বয়সে প্রতিভার ঝলক দেখিয়ে তিনি জয় করেছিলেন সা রে গা মা পা’র মঞ্চ। সেই মঞ্চ থেকেই তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানশালী। আর সেখান থেকেই শুরু হয় এমন এক পথচলা, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
২০০২ সালে সঞ্জয়লিলা বানসালির পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেবদাস’-এ প্লেব্যাক করার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শ্রেয়ার। প্রথম কাজেই অসাধারণ সাফল্য পেয়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়িকাকে। সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট ও স্টেজ শো করেও বিপুল অর্থ উপার্জন করেন তিনি। ভারতের মুম্বাই ও কলকাতায় রয়েছে তার বিলাসবহুল আবাসন। গাড়ির সংগ্রহেও কমতি নেই তার গ্যারেজে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি গাড়ি।
ব্যক্তিগত জীবনেও স্থিরতা খুঁজে পেয়েছেন এই গায়িকা। ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া। বর্তমানে তারা এক পুত্রসন্তানের বাবা-মা।