লিভারপুলের কোচ হিসেবে আর্নে স্লটের ১০০তম ম্যাচের মাইলফলকটি সুখকর হলো না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের লড়াইয়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে অল-রেডরা। ইস্তাম্বুলের রামস পার্কে স্বাগতিক দর্শকদের তীব্র গর্জনের মধ্যে লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা আবারও প্রকট হয়ে ওঠে।
ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় গ্যালাতাসারাই। গ্যাব্রিয়েল সারার কর্নার থেকে ভিক্টর ওশিমেন হেড করলে বল পান মারিও লেমিনা। চমৎকার হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন এই প্রাক্তন প্রিমিয়ার লিগ মিডফিল্ডার। চলতি মৌসুমে কর্নার থেকে এটি লিভারপুলের হজম করা ১০ম গোল।
ম্যাচে নাটকের তখনও অনেক বাকি ছিল। প্রথমার্ধে ভিক্টর ওশিমেন ব্যবধান দ্বিগুণ করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। অন্যদিকে ৭০ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে ইব্রাহিমা কোনাতে বল জালে জড়ালে লিভারপুল সমতায় ফেরার উল্লাস করে। তবে দীর্ঘ ভিএআর চেক শেষে দেখা যায় কোনাতে’র হাতে বল লেগেছিল, ফলে গোলটি বাতিল করে দেন রেফারি।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্নে স্লট। তিনি বলেন: ''প্রিমিয়ার লিগে অনেক কিছুতে ছাড় দেওয়া হলেও চ্যাম্পিয়ন্স লিগে তা হয় না। গোলটি বাতিলের সিদ্ধান্ত সঠিক কিনা তা বিচার করা কঠিন। তবে আমি অবাক হয়েছি যে আমাদের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজাতে রেফারি যতটা দ্রুত ছিলেন, আমাদের ন্যায্য পেনাল্টির ক্ষেত্রে ততটা ছিলেন না।"
লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগের ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে। গত মৌসুমেও শেষ ১৬-র বাধা টপকাতে পারেনি লিভারপুল, তাই ফিরতি লেগটি কোচ স্লটের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।
