৯ বছরের সাবাহকে চ্যাম্পিয়নস লিগে তুললেন কুইজ শো বিজয়ী কোচ!

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

ফুটবল দুনিয়ায় কত অবিশ্বাস্য গল্পের জন্ম হয়, তবে ভালদাস দামব্রাউসকাসের গল্পটি যেন রূপকথার চিত্রনাট্যকেও হার মানায়। কোনো দিন পেশাদার ফুটবলার হিসেবে মাঠে নামা হয়নি তার। অথচ সেই মানুষটিই এখন ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায়!

আজারবাইজানের সাধারণ এক ক্লাব 'সাবাহ'। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এই দলটির বয়স মাত্র ৯ বছর। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তারা গড়েছে ইতিহাস। ইউরোপিয়ান ফুটবলের জটিল ও দীর্ঘ পথ পেরিয়ে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বিয়ের শেভাকে প্লে-অফের দ্বিতীয় লেগে ৫-২ (দুই লেগ মিলিয়ে ৬-৪) ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে জায়গা করে নিয়েছে সাবাহ।

দলটির এই অসাধ্য সাধনের গল্পের মূল নায়ক তাদের লিথুয়ানিয়ান কোচ ভালদাস দামব্রাউসকাস। কিন্তু এই কোচের চ্যাম্পিয়ন্স লিগে আসার পেছনের গল্পটি আরও অবিশ্বাস্য।

২০০২ সালের কথা। তখন ২৫ বছরের তরুণ দামব্রাউসকাস স্বপ্ন দেখতেন বড় ফুটবল কোচ হওয়ার। কিন্তু কোচিং শেখার জন্য ইংল্যান্ডে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ তার ছিল না। ভাগ্য বদলাতে তিনি অংশ নেন লিথুয়ানিয়ার টিভি কুইজ শো 'হূ ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার' (কে হবে কোটিপতি)-এ। সেখানে বুদ্ধিমত্তা দিয়ে জয় করে নেন ৪,০০০ লিথুয়ানিয়ান লিতাস (প্রায় ১,১৬০ ইউরো)। কুইজ শো থেকে পাওয়া এই অর্থই বদলে দেয় তার জীবনের গতিপথ।

জিত পাওয়া টাকা নিয়ে তিনি সোজা চলে যান ইংল্যান্ডে। ভর্তি হন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, বিষয় স্পোর্টস সায়েন্স অ্যান্ড কোচিং। পড়াশোনার পর ফুলহাম, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রেন্টফোর্ডের যুব একাডেমিতে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করেন। এরপর কিংসবুরি লন্ডন টাইগার্সের হয়ে সিনিয়র কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে ঝালগিরিস, লুদোগোরেটস, হাজদুক স্প্লিট ও ওমোনিয়ার মতো ইউরোপের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়ে ২০২৫ সালে দায়িত্ব নেন আজারবাইজানের ক্লাব সাবাহর।

দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় সেই সাবাহকে নিয়ে তিনি ইতিহাস লিখলেন। গত জুলাই মাসে শুরু হওয়া তিন রাউন্ডের কোয়ালিফায়িং পর্ব ও কঠিন প্লে-অফ পেরিয়ে এখন তারা ইউরোপের সেরা ৩৬ দলের তালিকায়। আজ ২৭ আগস্টের ড্রতেই নির্ধারিত হবে রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজির মতো পরাশক্তিদের বিপক্ষে মাঠ কাঁপানোর সুযোগ মিলছে কি না এই রূপকথার কান্ডারির!

২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগ পট বিবরণী 

‎প্লে-অফ থেকে আসা ৭টি দল সরাসরি পূর্বে নিশ্চিত হওয়া ২৯টি ক্লাবের সাথে যোগ দিয়ে ৩৬ দলের লিগ ফেজ তৈরি করেছে। আজকের ড্রয়ের জন্য পটের বিন্যাস:

· ‎পট ১: প্যারিস সেন্ট-জার্মেই, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিউই, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ।

· ‎পট ২: বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ, এএস রোমা, অ্যাস্টন ভিলা, এফসি পোর্তু, স্পোর্টিং সিপি, ক্লাব ব্রুগ, রিয়াল বেতিস, পিএসভি এইন্থোভেন।

· ‎পট ৩: ফেয়েনুর্ড, লিলি, এফকে বোডো/গ্লিমট, নাপোলি, ভিলারিয়াল, শাখতার দোনেৎস্ক, গ্যালাতাসারাই এবং লিগ পাথের বিজয়ী দল।

· ‎পট ৪: স্লাভিয়া প্রাগ, স্টুটগার্ট, এলএএসকে, কোমো, লঁস, সাবাহ এফসি ও চ্যাম্পিয়নস পাথের অন্য বিজয়ী দলসমূহ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত