একেকবার একেক কথা ট্রাম্পের

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমন্বিত হামলায় পারস্য উপসাগর অঞ্চলে শুরু হওয়া যুদ্ধের প্রভাব এখন বিশ^জুড়ে। যুদ্ধের ক্ষয়ক্ষতির পাশাপাশি অধিকাংশ দেশে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিন দিন তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় এ গুঞ্জন দেখা দেয়। এমন গুঞ্জনের মধ্যেই ইরানকে নতুন হুমকি দিয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’। তেল আবিবে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে গত সোমবার রাতে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে কথা বলার একটি ছবিও দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘এক্স’ হ্যান্ডলে।

অন্যদিকে ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের ব্যাপ্তিকাল নিয়ে বারবার নিজের অবস্থান বদলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক বিশ্লেষণী প্রতিবেদনে দেখা গেছে ইরান যুদ্ধ শেষ হওয়া নিয়ে প্রশ্নে ৩৫ মিনিটের সংবাদ সম্মেলনে একেকবার একেক কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে আবারও নিজের অবস্থান বদলেছেন। তিনি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শিগগিরই শেষ হতে যাচ্ছে। এ যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।’ ট্রাম্পের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান জুড়ে পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুদ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।

ক্রেমলিন জানিয়েছে, ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্বে তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে ‘বেশ ভালো আলাপ’ হয়েছে। ইরান প্রসঙ্গে পুতিন সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন।

যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ধাক্কা কাটিয়ে দেশটি লড়াইয়ের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছে। তার ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে বেছে নিয়ে তেহরান লড়াই জারি রাখার যে বার্তা দিয়েছে, তা ভালোভাবে নেননি ট্রাম্প। তিনি গতকাল মঙ্গলবার বলেছেন, মোজতবা খামেনি ‘শান্তিতে থাকতে পারবেন না’।

জবাবে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেন, ‘ইরান ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধের গতকাল ছিল একাদশতম দিন। যুদ্ধ থামাতে কিছু দেশ উদ্যোগী হলেও তা থেকে ফল পাওয়ার কোনো লক্ষণ গতকাল পর্যন্ত দেখা যায়নি। যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বলেছে, যুদ্ধের সমাপ্তি তেহরানই নির্ধারণ করবে ওয়াশিংটন নয়। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি গতকাল ট্রাম্পের মন্তব্যকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন কাল্পনিক ‘সামরিক সাফল্য’ দেখানোর চেষ্টা করছেন। যুদ্ধ থেকে ‘সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছেন’। আইআরজিসি মুখপাত্র বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী এ অঞ্চল থেকে আগ্রাসনকারী এবং তাদের সহযোগীদের কাছে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ হওয়ার দাবি নাকচ করে দিয়ে বলেন, যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান সরকারের পরিবর্তন ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ব্যর্থ’ হয়েছে। যতদিন প্রয়োজন এবং যতক্ষণ সময় লাগবে, ততদিন তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য ইরান সুসজ্জিত ও প্রস্তুত রয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা এখন আর তাদের কার্যসূচিতে নেই। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে ‘অত্যন্ত তিক্ত’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা আমাদের জন্য খুব খারাপ।’

ইরান যুদ্ধের ভবিষৎ নিয়ে ৩৫ মিনিটে একেকবার একেক কথা ট্রাম্পের : ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের ব্যাপ্তিকাল নিয়ে বারবার নিজের অবস্থান বদলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিল, দীর্ঘমেয়াদি কোনো সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র। তবে কয়েক দিনের মধ্যেই ট্রাম্প জানান, ইরানে অন্তত দুই থেকে তিন সপ্তাহ ধরে হামলা অব্যাহত থাকবে। তবে যুদ্ধের দেড় সপ্তাহের মাথায় গত সোমবার ট্রাম্প বলেছেন, শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি হবে; যা তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক বিশ্লেষণী প্রতিবেদনে দেখা গেছে ইরান যুদ্ধ শেষ হওয়া নিয়ে প্রশ্নে ৩৫ মিনিটের সংবাদ সম্মেলনে একেকবার একেক কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো যখন আঞ্চলিক সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় আছে, তখন ট্রাম্প বিশ্ববাজার এবং উদ্বিগ্ন মিত্রদের শান্ত করার চেষ্টায় ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প মিত্রদের আশ্বস্ত করে বলেন, ইরাক যুদ্ধের পর থেকে এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে অভিযানটি চলছে, তা শেষ করার একটি পরিষ্কার পরিকল্পনা আছে। তবে সেটি কী, তা খোলাসা করেননি। পুরো সংবাদ সম্মেলনে তিনি ইরানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তারই বর্ণনা দিয়েছেন। এর আগে এক টেলিফোন সাক্ষাৎকারে সিবিএস নিউজকে ট্রাম্প বলেছিলেন, ‘যুদ্ধটি প্রায় শেষ হয়ে এসেছে।’ তবে সংবাদ সম্মেলনে যখন তার কাছে জানতে চাওয়া হয় এই সপ্তাহেই তাহলে যুদ্ধ শেষ হতে যাচ্ছে? তখন তিনি বলেন, ‘না। তবে আমি মনে করি খুব শিগগিরই শেষ হবে।’ এ সময় আরেক সংবাদিক জানতে চান, ‘আপনি বলছেন যুদ্ধ প্রায় শেষ, কিন্তু আপনার প্রতিরক্ষামন্ত্রী বলছেন, এটা কেবল শুরু। তাহলে কোন বক্তব্য সত্য?’ জবাবে ট্রাম্প বলেন, ‘দুটোই সত্য হতে পারে।’ এরপর ট্রাম্প যোগ করেন, ‘এটা একটা নতুন দেশ গড়ে তোলার শুরুও হতে পারে।’ যদিও এর আগে ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে নতুন সরকার পরিচালনার দায়িত্ব নেবে না। গত কয়েক দিনে ট্রাম্পকে একেক গণমাধ্যমে একেক কথা বলতে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, গত ১১ দিনে প্রায় প্রতিটি আলাপেই ইরান নিয়ে অবস্থান পাল্টেছেন ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারের পর অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো শিগগিরই যুদ্ধ শেষ হবে। তবে সোমবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ধরনের কোনো ঘোষণাই দেননি। বরং তার ইঙ্গিত হচ্ছে, ইরানে অভিযান অব্যাহত থাকবে। ট্রাম্পের এমন স্ববিরোধী বক্তব্য অনেককেই বিভ্রান্তিতে ফেলেছে। বিষয়টি নিয়ে সমালোচনামুখর হয়ে উঠেছেন ডেমোক্র্যাট নেতারাও। তাদের দাবি, ইরান সংঘাত নিয়ে ট্রাম্পের লক্ষ্য ও কৌশল স্পষ্ট নয়, বরং পরস্পরবিরোধী। ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ট্রাম্পের সংবাদ সম্মেলন বিভ্রান্তিকর। তিনি কোনো পরিকল্পনা বা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারছেন না এমনকি দেশটি যুদ্ধাবস্থায় আছে কি না সেটাও ঠিক করতে পারছেন না। তার খামখেয়ালি সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতি ও কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এদিকে, ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনকে নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, এই প্রতিবেদনটি বেনামি সূত্রের দেওয়া আজেবাজে তথ্যে ভরা।

পাল্টাপাল্টি হামলা অব্যাহত : সোমবার রাতে ইরানে সবচেয়ে তীব্র হামলা হয়েছে। এ খবর দিয়ে দোহাভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাতটি অতিবাহিত হয়েছে। পূর্ব তেহরানের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। খোমেইন শহরের একটি স্কুলেও হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধ শুরুর পর ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ গতকাল রাতে চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। পেন্টাগনে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যৌথ বাহিনীর প্রধান লক্ষ্য, যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে দুর্বল করা এবং ইরান যেন আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করা।

ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে। গতকাল ইরানের একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে উপসাগরীয় অঞ্চলের চার প্রতিবেশী দেশ সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

এখনই তেলের মজুদ ছাড়বে না জি-৭ : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকস্মিক বাড়লেও এখনই নিজেদের সংরক্ষিত জরুরি মজুদ বাজারে না ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। তবে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। সোমবার জোটের অর্থমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জি-৭-এর জ্বালানিমন্ত্রীরা একই ইস্যুতে গতকাল একটি টেলিকনফারেন্স করেন। চলতি সপ্তাহের শেষের দিকে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের সম্ভাবনা আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত