ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের সচিব আ. মান্নান তালুকদার (৪৬) নিহত হয়েছেন। 

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে।  

স্থানীয়দের বরাতে জানা যায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী রনি সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে আ. মান্নান গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার এসআই আ. বারেক জানান, ঘাতক বাস ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত