জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে গণ-ধর্ষণের অভিযোগে ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৩০), আলী আকবরের ছেলে মুনছুর আলী (২৭), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ফেরদৌস হোসেন (১৮)। অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
মামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি) ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাকুল্যা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়।
মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।
ঝিনাইদহে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারীরা