কক্সবাজারে উখিয়ার পাহাড়ি এলাকায় সেহেরির সময় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার নুরুল বশরের ছেলে মো. শফিকুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক তদন্ত মো. নাছির উদ্দিন।
নিহত গৃহবধূর শ্বশুর নুরুল বশর বলেন, ছেলে শফিকুল ইসলাম পেশায় একজন দিনমজুর। রোজা শুরুর ২/৩ দিন পর থেকে কাজের জন্য বান্দরবান যান। ছেলে তার বাড়ি থেকে সামান্য দূরে স্ত্রী-সন্তানদের নিয়ে আলাদা থাকে। জাজিদা আক্তারের শাশুড়ি রোজা শুরুর আগে থেকে অসুস্থ ছিলেন। এতে রমজানের শুরু থেকে ছেলের বউ তাদের জন্য সেহেরী ও ইফতারি তৈরি করে দিতেন। প্রতিদিন ভোররাতে সেহেরী তৈরি শেষ হলে খাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দিত।
বুধবার ভোররাতে সেহেরীর শেষ সময়ের ১০/২০ মিনিট আগেও ডেকে না দেয়ায় তিনি খোঁজ নিতে যান। এ সময় ঘরের বাহিরের দরজা খোলা দেখতে পান। পরে অন্ধকার ঘরের ভেতরে আলো জ্বালিয়ে জাজিদা আক্তারকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন।
তবে ঘটনার ব্যাপারে ভিন্ন বক্তব্য দিয়ে নিহতের বাবা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে জাজিদার সঙ্গে শফিকুলের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। জুয়া খেলা সহ নানা অনৈতিক কাজে সে লিপ্ত ছিল। ঠিক মত স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিত না। এ নিয়ে বিয়ের কয়েক বছর না যেতেই তার মেয়ের সঙ্গে জামাতার মধ্যে কলহ শুরু হয়। স্বামীর পাশাপাশি শ্বশুর-শাশুড়িও তার মেয়েকে শারীরিক নির্যাতন চালাত। এ নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার মেয়ের কোন সুসম্পর্ক ছিল না। মাঝে মধ্যে নির্যাতন সইতে না পেরে বাপের বাড়িও চলে আসত।
কিন্তু ঘটনার পর শ্বশুরসহ জামাতার পরিবারের লোকজন ভিন্ন কথা বলায় পরিকল্পিতভাবে তার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার ব্যাপারে পরিদর্শক তদন্ত মো. নাছির উদ্দিন জানান, ভোররাতে পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এক গৃহবধূকে ছুরিকাঘাত করে খুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর ঘাড়ের গভীর এবং থুতনীতে সামান্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
কে বা কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান তিনি।
নাছির উদ্দিন জানান, ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত
নাহিদ রানার আগুনে বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান