গণপূর্তমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আবাসন খাতকে গতিশীল করার প্রত্যয় রিহ্যাবের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে মন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ঢাকা নগরীকে উচ্চবিত্ত শ্রেণির মানুষের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।

সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল। সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতারা বলেন, ড্যাপের কিছু বিধি-নিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত