সাংবাদিক, লেখক,টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানীর জন্মদিন আজ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম

সাংবাদিক, লেখক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ফজলে লোহানীর জন্মদিন  আজ। ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে এক শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

ফজলে লোহানীর বাবা আবু লোহানী ছিলেন সুপরিচিত সাংবাদিক ও সাহিত্যিক। মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষক। বড় ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট অভিনেতা, আবৃত্তিকার, চিত্রপরিচালক, সাহিত্যিক, অনুবাদক ও বেতার ব্যক্তিত্ব।

ফজলে লোহানী সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসিতে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেননি। ভারত বিভাগের পর ঢাকা থেকে সাপ্তাহিক পূর্ববাংলা নামে একটি পত্রিকা প্রকাশের সঙ্গে তিনি যুক্ত হন। ১৯৪৯ সালে তার সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা অগত্যা। পঞ্চাশের দশকে ফজলে লোহানী ইংল্যান্ডে চলে যান। সেখানে বিবিসি’র ওয়ার্ল্ড সার্ভিসে চাকরি নেন।

ষাটের দশকের শেষ দিকে বাংলাদেশে ফিরে এসে ফজলে লোহানী সাংবাদিকতা ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। এ সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং মওলানা ভাসানীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে সুপরিচিত হয়ে উঠেন। তবে তুমুল জনপ্রিয়তা পান নিজের পরিকল্পনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘যদি কিছু মনে না করেন‘ ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা করে। অনুষ্ঠানটি ১৯৭৯ সাল থেকে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছিল জনপ্রিয়তার শীর্ষে। তিনি ‘পেনশন’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।

১৯৮৫ সালের ৩০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে লোহানী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত