সংসদে আবু সাঈদের বাবা ও রিকশাচালক নুর মুহাম্মদ

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০১:০০ এএম

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং রিকশাচালক নুর মুহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার তাদের সংসদ অধিবেশনে দেখা যায়।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বন্দুকের নলের সামনে দু-হাত মেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। রাজধানীতে আন্দোলন চলাকালে গুলিতে আহত গোলাম নাফিজকে পুলিশ টুকরিতে করে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আশপাশে কোথাও ম্যানহোলের ঢাকনা খুঁজে না পেয়ে পরে পুলিশ বক্সে ঢুকিয়ে পোড়াতেও চেষ্টা করে। সেখান থেকে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে রিকশাচালক নুর মুহাম্মদ প্যাডেল চেপে তাকে হাসপাতালে নিয়ে যান।

অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ সংসদের চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। সংসদ সচিবালয় বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানায়।

এ অধিবেশনে আরও দেখা যায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিকে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও অধিবেশনে উপস্থিত ছিলেন।

তাছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, ডিএসসিসির প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলামও আমন্ত্রিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন। অতিথির সারিতে আরও দেখা গেছে, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুকে।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত