নির্বাচনী কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে : প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালির দাগ শুকানোর আগেই মানুষের হাতে ২৮ হাজার ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৩মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল কলেজ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড নিয়ে অনেক দলের বড় বড় নেতা ভেংচি কেটে নানা কথা বলেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই ২৮ হাজার ফ্যামিলি কার্ড দিয়েছেন। এখন সেইসব নেতারা কি বলবেন। তিনি ওইসব নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিটি প্রতিপালিত হবে ইনশাআল্লাহ। 

প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ আরও বলেন, পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে উন্নয়ন তরান্বিত করতে আমি যেসব ইশতেহার দিয়েছি তার প্রতিটি পালন করবো। আমি আপনাদের সেবক হিসেবে নিয়োজিত হয়েছি। কাজেই উন্নয়ন কাজ তরান্বিত করতে আমার ভাই ভাগিনা চাচা কিংবা নিকটাত্মীয় দেখে নয় প্রকৃত মানুষকে সরকারের যাবতীয় সুযোগ-সুবিধার আওতায় আনা হবে, এটাই কমিটমেন্ট। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মীর চালচলন আচার ব্যবহার সংযত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে, নইলে বিএনপি তে জায়গা হবেনা। তিনি আরও যোগ করে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন এই এলাকার একটি রাস্তাও কাচা থাকবেনা। অচিরেই সকল মসজিদ মন্দিরে আমরা দৃশ্যমান উন্নয়ন বরাদ্দ দেব।

বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক  তৌহিদুল ইসলাম, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফী, জিপি আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌসসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতিম ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত খেজুর বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত