সাতক্ষীরা জেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টরের ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) মাগরিবের নামাজের পর তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়নের অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরহাদ হোসেন সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় আসেন। সেখান থেকে তিনি ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে ফরহাদ ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তার মাথা ও বুকের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-৩২৬৩) পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ফরহাদের মরদেহ থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
