ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান চুরি, ছিনতাই, মাদক এবং যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য উল্লেখ করেছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ময়মনসিংহের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও আপস হবে না। বিশেষ করে মাদক ও ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধিগুলো কঠোর হস্তে দমন করা হবে।
এ ছাড়া তিনি শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতার প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দিয়ে মোহাম্মদ কামরুল হাসান বলেন, অপরাধীদের সঠিক তথ্য পেতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহায়তা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
