কুমিল্লার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। একই সঙ্গে মো. সাইফুর রহমান সৈকত নামে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. সাইফুর রহমান সৈকত (২৬) কুমিল্লা নগরের আমড়াতলী এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে ১৩ মার্চ রাতে কুমিল্লা নগরের আমড়াতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিদ্দিকুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান সৈকতকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী দুটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তাগুলো থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে একই রাতে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
