সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময়ের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করে সেচের সুবিধা বাড়ানো হবে। এর মাধ্যমে এ অঞ্চলে ধান ও রবিশষ্যের উৎপাদন বাড়ানো, মৎস্য চাষ, হাঁস পালন খালের পাড়ে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সেটি করা হবে।
আজ শনিবার বিকেলে হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে গরিব, অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে সমাজকল্যাণ পরিষদ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদান ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারবিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলে আসবেন নিজে শহীদ জিয়ার মতো খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেদিন একযোগে দেশের ৫৩টি জেলায় খালখনন করা হবে। কিছুটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খালখনন কর্মসূচি সম্পন্ন হবে।
তিনি বলেন, সরকারের মেয়াদের ২৬ দিনের মাথায় বর্তমান সরকার নির্বাচনী যেসব ওয়াদা করেছিল সেগুলো পূরণ করতে শুরু করেছে। প্রথমেই কৃষকদের ১০ হাজার টাকা যে কৃষিলোন ছিল সেটি মওকুপ করে দিয়েছে। এরপর মসজিদ, মন্দির, গির্জায় ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ফাদারসহ অন্যদের ভাতার ব্যবস্থা করেছে। আজ থেকেই প্রধানমন্ত্রী সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
পরে তিনি গরিব-অসহায় ৯ জনের মাঝে আর্থিক অনুদান প্রদান ও ২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ১ জন প্রতিবন্ধীর মাঝে ট্রাইসাইকেল বিতরণ করেন। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
