সুস্থ আছেন মোজতবা খামেনি: আব্বাস আরাগচি

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের পরিস্থিতি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আরাগচি এই তথ্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, আঞ্চলিক যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে-এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় ইরান। তবে তিনি জানান, এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

কৌশলগত হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সবার জন্য উন্মুক্ত, শুধু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ছাড়া।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, তাঁর ধারণা মতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কিন্তু তাঁর বেশ ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর একটি বিবৃতি প্রচার করা হলেও সেটি টেলিভিশনের উপস্থাপক পড়ে শোনান। ওই বিবৃতিতে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়ে মোজতবা বলেন, প্রতিবেশীরা তাদের ভূখণ্ড থেকে মার্কিন ঘাঁটি না সরালে সেগুলো পরিণত হবে ইরানের লক্ষ্যবস্তুতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত