সাতকানিয়ায় ডাম্পার চাপায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া অজ্ঞাত ডাম্পার চাপায় আহত সাজ্জাদ হোসেন রোহানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সাজ্জাদ হোসেন রোহান (২৮)  উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে। 

নিহতের পরিবার জানান, পরিবারে অভাব থাকায় মাটি কাটার কাজে চাকরি করতেন নিহত সাজ্জাদ। কিন্তু মাটির কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এমন সংবাদ আসলে মাটি কাটার ডাম্পার পালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সাজ্জাদকে চাপা দিলে ভোরবেলা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ডাম্পার ট্রাকচাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আমরা নলুয়া ইউনিয়নে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে যাইনি। তবে রাতে পুলিশের টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়। এ ঘটনার কোনো অভিযোগ পায়নি, অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, শুক্রবার রাতে আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কেরানীহাট এলাকায় অভিযান পরিচালনা করেছি। নলুয়া ইউনিয়ন আমাদের কোনো টিম যায়নি।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আমরা মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করি তবে শনিবার আমাদের কোন অভিযান ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত