ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হলেও ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষজন। গতকাল রবিবার পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছেড়েছেন অনেকেই। সড়কপথে যাত্রীর তেমন চাপ না থাকলেও রেল স্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে ঈদযাত্রা নির্বিঘœ করতে আজ সোমবার থেকে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

গতকাল ছিল ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন। সরেজমিনে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেনের শিডিউলে তেমন বিলম্ব না হওয়ায় খুশি যাত্রীরা। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য কোনো অভিযোগও ছিল না তাদের। খুশি নিয়েই আপনজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল ভোর পৌনে ৫টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। দুপুর পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। বেলা সোয়া ২টায় যাত্রা করার কথা থাকলেও ট্রেন স্টেশন ত্যাগ করেছে বিকেল ৩টার দিকে। কিছু বগিতে দাঁড়িয়ে যাত্রা করতে দেখা গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কথা হয় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি জানান, পরিবারের সদস্যদের জন্য আগেই টিকিট কেটে রেখেছিলেন। বনলতা এক্সপ্রেসে চাঁপাইনবাবগঞ্জ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে এসেছেন তিনি।

সায়লা সারমিন নামের এক বেসরকারি চাকরিজীবী জানান, ঈদের ছুটির সঙ্গে মিল রেখে আগে ছুটি নিয়েছেন, যাতে বাড়ি যেতে কোনো ঝামেলায় পড়তে না হয়। সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। গতকাল থেকে এই ছুটি কার্যকর হচ্ছে। ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি রেলভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ১৬ মার্চ (আজ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হলো। তবে ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ আবার কার্যকর হবে।

সভার সিদ্ধান্তক্রমে, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত