আশুলিয়ায় লাশ পোড়ানো

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনকে প্রাণদন্ডের রায় প্রকাশ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম

২০২৪ সালে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ছয়জনকে গুলি এবং তাদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ১৫ জনকে দোষী সাব্যস্ত করে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গতকাল রবিবার ৫৯১ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রসিকিউশন কার্যালয় পেয়েছে বলে দেশ রূপান্তরকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনারের প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেয়। রায়ে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৬ আসামিকে মৃত্যুদন্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয় ৭ জনকে। আর দুজনকে দেওয়া হয় সাত বছর করে কারাদন্ড। এ মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়ে সাক্ষ্য দেওয়া শেখ আবজালুল হককে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল। সাইফুল ইসলাম ছাড়া সর্বোচ্চ সাজাপ্রাপ্ত অপর পাঁচজন হলেন, আশুলিয়া থানার সাবেক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এ এফ এম সায়েদ, একই থানার সাবেক এসআই আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগের কর্মী রনি ভূঁইয়া। রায়ে সাইফুল ইসলামকে মৃত্যুদন্ড দেওয়ার পাশাপাশি তার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তার সম্পত্তি বিক্রি করে ঘটনার ভুক্তভোগীদের পরিবারকে দিতে বলা হয়েছে রায়ে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সাতজন হলেন, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন আরজু। এ ছাড়া আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয় ট্রাইব্যুনালের রায়ে।

সাজাপ্রাপ্তদের মধ্যে ৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন, শাহিদুল ইসলাম, আবদুল্লাহিল কাফী, আরাফাত হোসেন, আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও মুকুল চোকদার। সাইফুল ইসলামসহ ৮ আসামি এখনো পলাতক। তারা হলেন, সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, এ এফ এম সায়েদ, মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস, বিশ্বজিৎ সাহা ও রনি ভূঁইয়া। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। গুলি করে হত্যার পর লাশগুলো একটি ভ্যানে স্তূপ করে রাখা হয়। গুলিতে আহত ব্যক্তিকেও ওই লাশের স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়। ওই ব্যক্তি তখনো জীবিত ছিলেন। এরপর পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন, সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বোস্তামি ও আবুল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত