নদী ও খাল দখলকারীদের সাবধান থাকার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন না কেন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া–দোশারীচোঁ এলাকা থেকে ডাকাতিয়া নদীর একটি শাখা খাল খননকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা নদী–খাল দখল করেছেন, তারা দুষ্কৃতকারী। এসব দখলদারকে দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনাসভায় মন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও পড়ে তা বাস্তবায়ন করেন না। তবে বিএনপি কথার সঙ্গে কাজের মিল দেখিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের পরপরই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
মন্ত্রী বলেন, নির্বাচনের ‘কালির দাগ মোছার আগেই’ ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করা হয়েছে। পয়লা বৈশাখের আগেই কৃষি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন নির্বাচনের আগে খাল খনন কর্মসূচি শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।
সভায় মন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের আর্থিক অবস্থা উন্নত হলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।
তিনি বলেন, ডাকাতিয়া নদী দখল করে অনেক জায়গায় ভরাট করে বসতি গড়ে তোলা হয়েছে। নদীটি উদ্ধার করা হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।
জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি