ফ্লাইট বাতিল হওয়া বিমানের টিকিটে এক পয়সাও কর্তন না করে মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে জামালপুরের গাইবান্ধা ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত কাটা খালি খাল খনন কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, দেশেই ভিসার মেয়াদ জটিলতায় পরেছেন। এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না তাদের টিকিটের মূল্য এক পয়সাও কর্তন করা হবে না।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি। তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি।
খাল খনন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসন (সদর) সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাংসদ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের ফরিদুল কবির তালুকদার শামীম।
