মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটির দেওয়া তথ্যমতে, এ বছর আরব বিশ্বে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মহাকাশ গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ শুক্রবার থেকেই মধ্যপ্রাচ্যে খুশির ঈদ শুরু হতে পারে।
চাঁদ দেখার ব্যাপারে আল জারওয়ান আরও ব্যাখ্যা করেন যে, রমজান মাসের ২৯তম দিনে (বুধবার) আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র বা নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। যেহেতু ২৯ রোজায় চাঁদ দেখা যাচ্ছে না, তাই নিয়ম অনুযায়ী রমজান মাস ৩০ দিনে সম্পন্ন হবে এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার শাওয়াল মাস শুরু হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ পালনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই চূড়ান্ত তারিখ নির্ভর করবে স্থানীয় আকাশে চাঁদ দেখার ওপর এবং সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।
