গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম খানম (১০) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। আহত মীম খানম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তা পারাপাররত দুই শিশুকে মোটরসাইকেলটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহিমা খানম মারা যায় এবং মীম খানম গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মীম খানমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত