২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও মাঠের লড়াই শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। গত সোমবার মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ফেডারেশন প্রেসিডেন্ট মেহদি তাজ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করেই এই অচলাবস্থার সৃষ্টি। ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’, তবে খেলোয়াড়দের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ সেখানে না আসাই ভালো হবে।
প্রেসিডেন্টের এই প্রচ্ছন্ন হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তেহরান। মেহদি তাজ স্পষ্ট ভাষায় বলেন, ‘যখন মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ অভিযোগ করেছেন যে, বিশ্বকাপকে সামনে রেখে ইরানি প্রতিনিধি দলের ভিসা প্রদান এবং লজিস্টিক সহায়তার ক্ষেত্রে মার্কিন সরকার চরম অসহযোগিতা করছে। তিনি ব্যক্তিগতভাবেও ফিফাকে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন।