ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদিকে ট্রেনের বগি লাইন চ্যুতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের তিলকপুর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে জানা যায়নি। তবে গুরুতর আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি।
