বন্দর নগরী চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান। সকাল ৮টায় সেখানে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার জমিয়তুল ফালাহ মাঠ পরিদর্শন করতে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে—প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
চসিক সূত্র জানায়, মুসল্লিদের নির্বিঘ্নে ঈদে নামাজ আঋদায়ের সুবিধার্থে প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে উপরে ত্রিপল টাঙ্গানো হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।
সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।
এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ সহ প্রতিটি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে জমিয়তুল ফালাহ ময়দান পরিদর্শনকালে সিটি মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী আনু মিয়া, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া,সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল সাড়ে আটটায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান এতে ইমামতি করবেন। এ ছাড়া কমিটির আওতাভুক্ত নগরীর আরও ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
