গান ছাড়া ঈদ জমে না। তবে ধীরে ধীরে ঈদের গানের জৌলুশ কমে যাচ্ছে। যদিও এবার ঈদেও শতাধিক গান প্রকাশ পাচ্ছে কিন্তু তারকা শিল্পীদের গান একদমই কম। একের অধিক গান গাওয়া জনপ্রিয় গায়ক-গায়িকাদের সংখ্যা নেই বললেই চলে। সাউন্ডটেক, সংগীতার মতো অডিওর শীর্ষ প্রতিষ্ঠানগুলোও এক ধরনের নীরবতা পালন করছে। কয়েক বছর ধরে আলোচনার শীর্ষে থাকা ধ্রুব মিউজিক স্টেশনও এবার তেমন একটা গান প্রকাশ করছে না। লেজার ভিশনও থমকে আছে। তবে জি-সিরিজ ও অগ্নিবীণা সাজিয়েছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের মেলা। যেখানে একদিকে ঝংকৃত হচ্ছে ১০০টি নতুন গানের রাগ-রস-রসায়ন, অন্যদিকে ২৫টি নাটকের গল্পে বোনা হয়েছে আবেগের সুর এবং ১০টি সিনেমার মধ্যে আছে গল্প, স্বপ্ন, বাস্তবতা আর কল্পনার সম্মিলন।
সিনিয়র সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ প্রকাশ করলেন ‘ফাঁকি’ শিরোনামের একটি গান। যার কথা লিখেছেন তারেক আনন্দ, সুর ও সংগীতায়োজনে মেহেদী বাপন। গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পী। ভিডিওতে মডেল হয়েছেন বুলবুল টুম্পা। বাপ্পীর ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। আসিফ আকবরের ‘ভুল’ নামের একটি গান প্রকাশ করছে সাউন্ডটেক। ক্রিকেট নিয়ে বেশি ব্যস্ততার কারণে আসিফ নিজেও এখন গান গাওয়া কমিয়ে দিয়েছেন। ‘ভুল’ শিরোনামের গানটির কথা ফয়সাল রাব্বিকীনের, সুর ও সংগীতায়োজনে রেজোয়ান শেখ। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। গানটি প্রকাশিত হবে সাউন্ডেকের ইউটিউব চ্যানেলে। আকাশের সুরে দিলশাদ নাহার কনা ‘ঈদ এসেছে’ শিরোনামের গানটি ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং সংগীতায়োজনে এ এন ফরহাদ।
বরেণ্য গায়ক খুরশীদ আলমের অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’র গানটির নতুন সংস্করণ নিয়ে আসছেন পান্থ কানাই। আবার চুমকি’ শিরোনামের গানটি আসবে গানচিল মিউজিক থেকে। নতুন একক গান ‘দূরে গিয়ে’ নিয়ে আসছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানটি লিখেছেন রাজু চৌধুরী এবং সুর করেছেন এহসান রাহী ও সংগীতায়োজনে সেতু চৌধুরী। গানটি প্রকাশিত হবে শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে। তবে এবার ঈদে একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন মৌসুমী আক্তার সালমা। এরই মধ্যে এসেছে ‘মায়ার সুতায়’ ও ‘এমন ভালোবাসা চাই না’।
ঈদ উপলক্ষে গাঙচিল মিউজিক থেকে প্রকাশিত হয়েছে কিশোর দাসের নতুন গানচিত্র ‘আমি কেমন তুমি জানো।’ আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন অমিত চ্যাটার্জি, সংগীতায়োজনে মানাম আহমেদ। ঈদের দিন সন্ধ্যায় সান প্রোডাকশন হাউজের ইউটিউব চ্যানেলে আসবে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। কথা, সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির। গানের ভিডিওতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক।
ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে জমজমাট ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। গানটি প্রকাশ পাচ্ছে চাঁদ রাতে। কণ্ঠশিল্পী সামজ ভাইয়ের কথা, প্রাণবন্ত সুর ও কণ্ঠ মিলিয়ে তৈরি করা হয়েছে আইটেম ঘরানার এই গানটি, যা তরুণ প্রজন্মসহ সব শ্রোতার কাছেই আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গানটির সংগীতায়োজনে ছিলেন শোভন রায়। গানটির ভিডিওতেও পারফর্ম করেছেন প্রাঙ্ক কিং অভিনেতা খ্যাত শান্ত এবং মডেল অবন্তিকা রহমান। নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল এবং ডিওপি হিসেবে কাজ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। গান-ভিডিওতে বিশেষ আকর্ষণ হিসেবে আছে সময়ের জনপ্রিয় র্যাপার মি. রিজান। এ ছাড়া কণ্ঠশিল্পী তাহসান এবং বেশ কয়েকটি ব্যান্ডের গান প্রকাশ পাচ্ছে এবারের ঈদে।
