চট্টগ্রামমুখী দুটি লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুর মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী দুটি লেন ঈদের পর চার দিন (২২ থেকে ২৫ মার্চ) পর্যন্ত বন্ধ রাখা হবে। এ সময় সড়কে যান চলাচলের চাপ কিছুটা কম থাকবে বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরবর্তী সময় আরও কয়েক দিন এক লেন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে ঈদের ফিরতি যাত্রায় কিছুটা দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সড়ক ও জনপথ বিভাগ ফেনী জেলা কার্যালয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সেতুর মেরামতকাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে। সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে র‍্যাব ক্যাম্প সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজের পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনকে সাময়িকভাবে একমুখী ব্যবহার, ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল সংযোগ সড়ক, বিসিক মোড় (গ্যাস কোম্পানি) হয়ে দেওয়ানগঞ্জ মোড়সহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জাফর উদ্দিন বলেন, ‘দেশের অন্যতম প্রধান মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ঈদের আগে ও পরে বিপুলসংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করেন। এ সময় সড়ক বন্ধ থাকলে যাত্রীদের কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে। তবে সড়কের ওই অংশের স্থায়ী সংস্কার প্রয়োজন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ, পরিবহন সেক্টরের সব কর্মকর্তা, সড়ক ও জনপথের কর্মকর্তারা বৈঠক করে এ সময়টি নির্ধারণ করেছেন। এ সময় সড়কে যান চলাচলের চাপ কিছুটা কম থাকবে বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইবো নির্ধারিত সময়ের মধ্যে কাজটি যেন শেষ করা হয়।’

তবে স্থানীয়দের মতে, নির্ধারিত বিকল্প সড়কের বেশিরভাগই শহরের অভ্যন্তরীণ হওয়ায় ভারী যানবাহনের জন্য উপযোগী নয়। এতে শহরের ভেতরে যানবাহনের চাপ বেড়ে যানজটের আশঙ্কা রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িক সংস্কার করে এটি চলমান রাখলেও স্থায়ী সংস্কার প্রয়োজন ছিল। স্থায়ী মেরামতকাজ করার লক্ষ্যে ঈদের বন্ধ কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পর তিন থেকে চার দিন যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে এবং ভারী যান চলাচলও সীমিত থাকে। সংস্কারকাজ চলাকালীন শহরের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার ও পরবর্তী সময়ে এক লেন দিয়ে যান চলাচল অব্যাহত থাকবে। সাময়িক কিছু চাপ থাকলেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত