পবিত্র ঈদুল ফিতরের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। যদিও গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে, তবে উৎসবের রঙ এখনই লাগতে শুরু করেছে জনমনে। সাধারণ মানুষের পাশাপাশি দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী।
বর্তমানে জাতীয় দলের মাঝমাঠের অন্যতম ভরসা হামজা চৌধুরী তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। লেস্টার সিটির এই মিডফিল্ডার বলেন, "আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমানদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা। এই ঈদে প্রিয়জনদের সময় দিন, ইনশাআল্লাহ সবার সাথে শিগগিরই দেখা হচ্ছে। ঈদ লাগছে মনে, ঈদ মোবারক।"
হামজা চৌধুরী খুব দ্রুতই ভিয়েতনামে জাতীয় দলের সাথে যোগ দেবেন। ২০২৫ সালে অভিষেকের পর থেকে লাল-সবুজ জার্সিতে ৭ ম্যাচে ৪ গোল ও ১টি অ্যাসিস্ট করে ফুটবল ভক্তদের মধ্যমণিতে পরিণত হয়েছেন তিনি।
×
