ঈদুল ফিতরের উৎসবের রঙে রঙিন জাতীয় দলের ক্রিকেটারদের যাপিত জীবন। মাঠের চিরচেনা লড়াইয়ের ব্যস্ততা ভুলে তারা এখন পরিবারের সান্নিধ্যে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ঈদ উদযাপনে কেউ ফিরেছেন নাড়ির টানে গ্রামে, কেউবা বিদেশের মাটিতেই ঈদ উদযাপন করছেন। পেসার শরীফুল ইসলাম এবারের ঈদ পালন করছেন তার জন্মস্থান পঞ্চগড়ে।
ঈদের সকালে ছেলের সঙ্গে ছবি দিয়ে অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন এই বাঁহাতি পেসার। মাটির সোঁদা গন্ধে ফেরার তৃপ্তি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "মাটির গন্ধ আর বাতাসের ছোঁয়ায় সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়।"
শরীফুলের মতো নিজের গ্রামে ঈদ করছেন হাসান মাহমুদ ও তরুণ গতিদানব নাহিদ রানা। অন্যদিকে, বগুড়ায় ব্যতিক্রমী ঢঙে নজর কেড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম; রিকশায় চড়ে ঈদগাহে গিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন তিনি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সপরিবারে সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন তিনি। সাকিবের ঈদ উদযাপনে সঙ্গী হয়েছেন পেসার আল আমিন হোসেনও।
অন্যদিকে, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবারের ঈদ কাটাচ্ছেন পবিত্র ভূমিতে। ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবে থাকা মিরাজ সেখান থেকেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানী ঢাকায় ঈদ পালন করছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। সকালে বাবার সঙ্গে ঈদগাহে যাওয়ার ছবি পোস্ট করে তিনি সবার দোয়া চেয়েছেন।
টেস্ট অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আফিফ হোসেনের কাছে এবারের ঈদটি কৃতজ্ঞতা ও আত্মোপলব্ধির। এছাড়া তাওহীদ হৃদয়ের ঈদবার্তায় সিক্ত হচ্ছেন ভক্ত-অনুরাগীরা। মাঠের লড়াই ভুলে আপাতত উৎসব আর প্রার্থনায় মগ্ন দেশের ক্রিকেট তারকারা।
