বগুড়ার আদমদীঘি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে উম্মে হাবিবা উর্মী (৩৬) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার উজ্জ্বলতা গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি মামলার জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। ২০২৫ সালের ২৬ আগস্ট ফারসিদ তালুকদারকে হত্যার চেষ্টা করা হলে তার মা উম্মে হাফিজা আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলার চার্জশিট দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। তারা মামলা তুলে নিতে বাদীপক্ষকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
শুক্রবার (২০ মার্চ) ইফতারের আগ মুহূর্তে ফয়সাল ইসলাম তালুকদার লিটন ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী, সন্তান ও বেড়াতে আসা শ্যালিকা উম্মে হাবিবা উর্মি। হামলাকারীরা তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতরা প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানেও হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে উম্মে হাবিবা উর্মি মারা যান। এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার সুযোগে হামলাকারীরা বাদীপক্ষের বসতবাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুরে নিহতের বোন উম্মে হাফিজা বাদী হয়ে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় কহির ফকির, দুলালী বেগম, আইয়ুব হোসেন ও এখলাস হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।