বগুড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

বগুড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।  বিএনপির ওই দুই নেতা এতিমখানার সরকারি অনুদানের দুই লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জেলার গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মাদরাসা ও এতিমখানার নামে জেলা পরিষদ থেকে প্রকল্পের ওই অর্থ এতিমখানার জাল কাগজপত্র ও ভুয়া কমিটি তৈরি করে উত্তোলন করা হয়।

এঘটনার প্রতিবাদে দুই বিএনপি নেতার বিরুদ্ধে শনিবার (২৯ আগষ্ট) দুুপুরে বগুড়া মহানগরের সাতমাথায় মানববন্ধন করেন মাদরাসা ও এতিমখানার সদস্য, শিক্ষার্থী ও স্থানীয়রা।

অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত দুই বিএনপি নেতা হলেন- গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান (সাগর) এবং গাবতলী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দৌলত জামান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালিত সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদরাসা ও এতিমখানার উন্নয়ন তহবিলে বগুড়া জেলা পরিষদ থেকে ১৬৮ নম্বর প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির বৈধ ও চলমান কমিটি থাকার পরেও অভিযুক্ত বিএনপি নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে একটি ভুয়া কমিটি তৈরি করেন। পরবর্তীতে বগুড়া শহরের পার্করোড রূপালী ব্যাংক মহিলা শাখায় এতিমখানার নামে পৃথক ব্যাংক হিসাব খুলে বরাদ্দ করা অর্থ উত্তোলন করে আত্মসাত করেন।

মানববন্ধন থেকে আত্মসাত করা অর্থ উদ্ধার, ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিল, অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এতিমখানার পক্ষের মো. মতিউর রহমান বলেন, মাদরাসার জন্য অনুমোদিত দুই লাখ টাকা আত্মসাৎ করতে ভুয়া কমিটি তৈরি করে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা টাকা আমরা অবিলম্বে ফেরত চাই এবং ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিলের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত এতিমখানার সদস্য নজরুল ইসলাম খান জানান, বিষয়টি জানার পর জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। জেলা পরিষদ প্রশাসক উভয় পক্ষকে ডেকে শুনানি শেষে অপরাধ স্বীকার করায় ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ তারা বাস্তবায়ন করেননি।

এ ঘটনায় গাবতলী মডেল থানায় গত ২৭ জুলাই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।

আয়োজকদের অভিযোগ, জালিয়াতির প্রতিবাদ করায় এবং আইনী পদক্ষেপ নেওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা দলীয় পদে থাকার কারণে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত