পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুক পোস্ট ও কল রেকর্ডকে কেন্দ্র করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হিরার ওপর হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় সাদেকুজ্জামান হিরা বাদী হয়ে রওশন জালালীকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন।
পৌর শহরের নতুনবন্দর মগবাজার এলাকায় রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা সাদেকুজ্জামান হিরা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার অভিযোগে সাদেকুজ্জামান হিরা বলেন, রবিবার বিকালে মগবাজার এলাকায় গেলে রওশন জালালী তাকে ডেকে পাশের একটি সুপারি বাগানে নিয়ে পূর্বের একটি ফোনকল সম্পর্কে জানতে চান। তিনি জবাব দিতে অস্বীকৃতি জানালে রওশন ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রওশন জালালী বলেন, হিরাই তাকে ডেকে কল রেকর্ড ফাঁসের বিষয়ে হুমকি দেন। তিনি এড়িয়ে যেতে চাইলে উল্টো তার ওপর হামলা করা হয়। তা দাবি, তিনিই এ ঘটনায় ভুক্তভোগী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
