যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি, টমাস মুলার, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, সন হিউং-মিনদের মিছিলে এবার যোগ দিচ্ছেন ফান্সের বিশ্বকাপজয়ী তারকা অ্যান্তোইন গ্রিজম্যান। একসময়ের বার্সেলোনা সতীর্থ অবশ্য মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন না, গ্রিজমান বেছে নিলেন ফ্লোরিডারই আরেক ক্লাব অরল্যান্ডো সিটিকে।
আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের সাথে অরল্যান্ডো সিটির চুক্তি হচ্ছে দুই মৌসুমের। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত স্থায়ী হবে চুক্তিটি, যেখানে ২০২৮-২৯ মৌসুম পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। উল্লেখ্য, এটিই হবে এমএলএস-এর প্রথম পূর্ণাঙ্গ মৌসুম যা ইউরোপীয় লিগগুলোর ক্যালেন্ডারের সাথে মিল রেখে পরিচালিত হবে। প্রিয় '৭ নম্বর' জার্সিটিই এখানে গায়ে জড়াবেন এই ফরাসি ফরোয়ার্ড।
অরল্যান্ডো সিটি গত কয়েক সপ্তাহ ধরেই গ্রিজম্যানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল। প্রাথমিকভাবে চলতি মাসের ট্রান্সফার উইন্ডোতেই তাকে দলে ভেড়াতে চেয়েছিল ক্লাবটি। তবে আতলেতিকো মাদ্রিদের হয়ে কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে গ্রিজম্যান মৌসুমের এই সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। আগামী ১৮ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে লড়বে তার দল।
এক নজরে গ্রিজম্যানের ক্যারিয়ার
* অ্যাটলেটিকো মাদ্রিদ: ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২০০-এর বেশি গোল)।
* জাতীয় দল (ফ্রান্স): ২০১৮ বিশ্বকাপ জয়ী এবং ২০২২ বিশ্বকাপ রানার্স-আপ দলের সদস্য। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
* ব্যক্তিগত অর্জন: ব্যালন ডি'অর-এ দুইবার তৃতীয় স্থান অধিকার।
৩৪ বছর বয়সী এই তারকা আমেরিকান ক্রীড়া সংস্কৃতি ও এনবিএ বাস্কেটবলের প্রতি তার অনুরাগের কথা আগেই জানিয়েছিলেন। এবার সেই প্রিয় দেশেই নিজের ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
