বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তর দ্রুত সম্পন্নের নির্দেশ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ ও কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব।

প্রতিমন্ত্রী জনবলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ প্রদান, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কেন্দ্রের আয় বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য এবং দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি।

পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ইমাম হোসেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত