মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
অভিযানকালে ‘মেজবা স্টোর’ নামের একটি দোকানে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দোকান থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পেট্রোল ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনের চালকদের মধ্যে বিক্রি করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, ‘আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এছাড়া পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কারও কাছে পেট্রোল মজুতের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
