চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা ওই এলাকার মোহাম্মদ আবদুল আজিজের মেয়ে।
স্থানীয় বাসিন্দা কাজী মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যসহ এলাকার অধিকাংশ মানুষ মসজিদে চলে যান। এ সময় বাড়ির পাশে খেলছিল আদিবা। সবার অজান্তে কোনো একসময় সে পাশের পুকুরে পড়ে যায়।
পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।