৬ দিনে সড়কে গেল ৩৪ প্রাণ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ এএম

সড়কপথে মর্মান্তিক দুর্ঘটনায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মøান হয়েছে অনেক পরিবারে। প্রিয়জনদের মৃত্যুতে নেমে এসেছে বিষাদের ছায়া। ঈদের লম্বা ছুটিতে গত বৃহস্পতিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেউ মারা গেছেন ঘটনাস্থলে, কারও মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর। এর মধ্যে সবচে বড় দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে। গত শনিবার ঈদের দিবাগত রাতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসে থাকা ১২ জন মারা গেছেন। এছাড়া ঈদে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে ফেরার পথে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। গত রবিবার হবিগঞ্জের মাধবপুরে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ মারা গেছেন চারজন। রাজধানী ঢাকায় মারা গেছেন দুজন।

গত সোমবার ভোরে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার জানান, সোমবার ভোরে শাহজাদপুর এলাকার সড়ক থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন, তা জানা যায়নি। ওই নারী ভিক্ষুক প্রকৃতির। তার পরনে লাল প্রিন্টের শাড়ি ছিল। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। একই দিনগত রাত ১টার দিকে গাবতলীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক গাড়িচালক নিহত হন। নিহত জীবনের প্রতিবেশী মোহাম্মদ সাজু জানান, সোমবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জীবন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার সদর দক্ষিণে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি বাস রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটে গত শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন যশোরের বিভিন্ন এলাকার লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সোনাইমুড়ির বাবুল চৌধুরী (৫৫) এবং নজরুল ইসলাম রায়হান (৪৫), চাঁদপুরের তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের জুহাদ বিশ্বাস (২৪), মাগুরার ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (২৫) এবং লক্ষ্মীপুরের সাঈদা (৯)। আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া গত রবিবার জানান, দুটি তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গেটম্যান পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ের দুই গেটম্যান মেহেদি হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  পিবিআইয়ের এক কর্মকর্তা প্রাথমিক তদন্তের বরাতে বলেন, গেটম্যান গেট না ফেলায় বাসটি রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, বাসচালকের ভুলের কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর রবিবার সকাল ৮টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়। বেলা ১১টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলক্রসিংয়ের দুই পাশের ব্যারিয়ার অক্ষত রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বাসের ভাঙা কাচ। রেললাইনের পাশে বাসের দুটি চাকা পড়ে থাকতে দেখা গেছে। কাছেই রেলের কর্মীদের একটি কক্ষ তালাবদ্ধ ছিল।

এদিকে কুমিল্লায় রেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে ১১টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কুমিল্লা মহানগর জামায়াত। ১২ জন নিহতের ঘটনায় গত সোমবার কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় শেফালি আক্তার নামে এক নারী বাদী হয়ে মামলা করেন। তিনি নিহত সোহেল রানার খালা। মামলায় রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা হেলাল ও মেহেদীকে আসামি করা হয়েছে। 

হবিগঞ্জ প্রতিনিধি জানান, মাধবপুরে পিকআপ খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের একজন নারী শ্রমিক ঈদের দিন কাজ শেষে ছুটি নিয়ে গৃহস্থালির মালামাল ও শিশুসন্তানসহ বাড়ি ফিরছিলেন। গত রবিবার সকালে সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে পিকআপসহ চারজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কাটালিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার মেয়ে আছমা আক্তার (৩৫) ও তার ছেলে সজীব আহমেদ (১৩)। অপর দুজন হলেন পিকআপ চালক মানিক মিয়া (৩২) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ইব্রাহিম মিয়া (২৮)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, আছমা সিলেটে বাসাবাড়িতে কাজ করতেন। ঈদের দিন কাজ শেষে রাতে ছুটি নিয়ে পিকআপ ভাড়া করে সন্তানসহ বাড়ি ফিরছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ইব্রাহিমকে মালামাল ওঠানামার শ্রমিক হিসেবে নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে কোনো একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

যশোর প্রতিনিধি জানান, ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে যশোরে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন একই পরিবারের আরও তিন জন। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ। আহতরা হলেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। নিহত জনির স্বজনরা জানান, পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন জনি। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, আড়াইহাজারের রামচন্দ্রদীগোপালদী সড়কের দাইরাদী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াকুব নামে এক যুবক মারা গেছেন। গত শনিবার ঈদের দিনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন পারভেজ ও সুমন নামে আরও দুই ব্যক্তি।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পেছনে ধাক্কা লেগে জুলফিকার আলী জিল্লু (২৯) নামে এক প্রকৌশল নিহত হয়েছেন। গত রবিবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। রবিবার জুলফিকারের গায়ে হলুদ ও সোমবার বিয়ের দিন ধার্য ছিল।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, কালিয়াকৈরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রস্তুতিকল্পে বিদ্যালয়ে যাওয়ার পথে দুই অবৈধ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহমুদ আক্তার বিউটি নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদা উপজেলার সূত্রাপর ইউনিয়নের টানসূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার নগরবাথান এলাকায় নসিমন গাড়ি থেকে ছিটকে পড়ে আব্দুল গফুর নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শনিবার ঈদের দিন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর হরিণাকু-ু উপজেলার ভায়না ইউনিয়নের বাগআচড়া গ্রামের ফারুক হোসেনের পুত্র। এর আগে গত বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কায় সুরুজ আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা রোডের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে।

ভোলা প্রতিনিধি জানান, বোরহানউদ্দিনে উপজেলায় ডিমবোঝাই পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সালাউদ্দিন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও তিনজন। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজার সংলগ্ন লেবুকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফরিদপুরের সদরপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। গত শনিবার ঈদের দিন সকাল ৮টার দিকে কোটালীপাড়া কলাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. সাইফুল ইসলাম (৪৫), মা মোছা. ঝরনা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। গত রবিবার ঈদের পরদিন রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

সীতাকু- (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকু-ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে আবু বক্কর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় জুয়েল নামে এক যুবক মারা গেছেন। গত সোমবার বিকেল ৪টায় শিবচরের পাচ্চর এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ঢাকার দোহারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত