পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটপ্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলী হোসেন ফকির বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরে পুলিশপ্রধান পুলিশ সদর দপ্তরে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।
