নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাবো বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ভোর ৪টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন, দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
