ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে পাঠানো হয়েছে, যেখানে নতুন করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
ভারতের বিভিন্ন মিডিয়ার বরাতে জানা গেছে, গত রবিবার কলকাতার বিধাননগর মহকুমা আদালত এনআইএকে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরদিন এনআইএ আদালতে ফয়সাল ও আলমগীরকে হেফাজতে নেওয়ার আবেদন করলে ভার্চুয়ালি শুনানি হয়। বিচারক এনআইএর আবেদন মঞ্জুর করে তাদের ট্রানজিট রিমান্ড অনুমোদন করেন। সোমবার রাতেই দমদম সেন্ট্রাল জেল থেকে ফয়সাল ও আলমগীরকে হেফাজতে নেয় এনআইএ এবং রাতের ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাদের দিল্লির এনআইএ আদালতে হাজির করা হবে। এরপর শুরু হবে নতুন করে জিজ্ঞাসাবাদ। তবে একই মামলায় ভারতের উত্তর ২৪ পরগনায় গ্রেপ্তার আরেক বাংলাদেশি ফলিপ সাংমাকে হেফাজতে নেওয়ার আবেদন করেনি এনআইএ।
এর আগে রবিবার আদালত ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। আদালতে হাজিরের সময় সাংবাদিকদের প্রশ্নে ফয়সাল হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। সিসিটিভি ফুটেজে তার উপস্থিতির কথা উল্লেখ করা হলে সে দাবি করে, ফুটেজে তাকে গুলি করতে দেখা যায়নি এবং সে ঘটনাস্থলেও ছিল না।
অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছে, গত ৭ মার্চ মধ্যরাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হাদি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছিল।
