ফ্যাসিবাদী চিন্তার শেকড় খুঁজে দেখার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫১ এএম

‘ফ্যাসিবাদী সংস্কৃতি’ দূর করতে হলে প্রথমে এর উৎপত্তি ও শেকড় সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিরে দেখা’ সেই সময় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলের তিনটি নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তার মতে, ‘ফ্যাসিবাদী মনোভাব কীভাবে গড়ে ওঠে এবং এর মৌলিক উপাদান কোথায় নিহিত তা আরও স্পষ্টভাবে বোঝা জরুরি। এ বিষয়ে যত বেশি জানা যাবে, ততই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিজেদের মানসিকতা বিকৃতি থেকে মুক্ত রাখতে পারবে।

তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের গবেষণা, বই ও প্রকাশনা সমাজে এক ধরনের প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে ক্ষমতার সঙ্গে যুক্ত বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক নেতাকর্মীরা নেতিবাচক প্রবণতা থেকে নিজেদের দূরে রাখতে পারবেন।

‘ফিরে দেখা সেই সময়’ গ্রন্থের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি দেশে বিতর্কচর্চাকে আরও জনপ্রিয় করে তুলেছেন। তার মতে, যে সমাজ বিতর্ককে এড়িয়ে চলে বা ভয় পায়, সেই সমাজ স্থবির হয়ে পড়ে এবং অগ্রগতির পথ রুদ্ধ হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বইটির প্রকাশক সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত