পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পারস্পরিক কুশলবিনিময় করেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ঈদের নামাজ শেষে যমুনায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়। এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এর মধ্যে ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন।
